বিরল এক সৌরজগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদেরা

বিরল এক সৌরজগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা। যেখানে অরবিটাল রেসোনেন্স নামের এক বিশেষ পরিস্থিতির কারণে বিরল এক জ্যামিতিক সজ্জায় একটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে আরো ছয়টি গ্রহ।

Last Updated on December 11, 2023 by Mahmud Abbas

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সূত্রে জানা যায়, পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরে এই সৌরজগতের অবস্থান। যার নাম দেওয়া হয়েছে ‘এইচডি১১০০৬৭’। ওই সৌরজগতে অনুসন্ধান চালাতে ব্যবহার করা হয় নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টিইএসএস) ও ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যারেক্টারাইজিং এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট (সিএইচইওপিএস)।

ওই গ্রহগুলো এমনভাবে নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, যেখানে একটি গ্রহ তিনবার কক্ষপথ প্রদক্ষিণ করলে পরেরটি প্রদক্ষিণ করে দুইবার। আবার পরের গ্রহ ছয়বার আবর্তন শেষ করলে পরবর্তী গ্রহটি করে একবার। আর এর পরের চারবার আবর্তিত হলে শেষ গ্রহটি করে তিনবার। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে পুরো প্রক্রিয়াটি।

ছয় গ্রহের এমন আবর্তনের নাম দেওয়া হয়েছে ‘রেসোনেন্ট চেইন’। সেখানে প্রতিটি গ্রহ তার পরবর্তী গ্রহের গতিবিধি অনুযায়ী পরিচালিত হয়। এই সারিবদ্ধ চেইনের মাধ্যমে এমন প্রক্রিয়া তৈরি হয়েছে যা সাধারণ কক্ষপথের তুলনায় আলাদা।

ইউনিভার্সিটি অব বার্নের অধ্যাপক ও এ গবেষণার গবেষক হিউ অসবর্ন এক বিবৃতিতে জানান, ‘আমাদের সৌর জগতের বাইরে আবিষ্কৃত পাঁচ হাজারের বেশি এক্সোপ্ল্যানেটে এমন সারিবদ্ধ ঘূর্ণনের ঘটনা একেবারে বিরল নয়। এমনকি একাধিক গ্রহের ব্যবস্থা থাকার বিষয়টিও প্রথম না। তবে ছয়টি গ্রহের সারিবদ্ধ প্রক্রিয়ায় এমন ছন্দ থাকার বিষয়টি বিরল ঘটনা।’

এইচডি১১০০৬৭ সৌরজগতের মতো ছন্দবদ্ধ আবর্তনের ঘটনা খুঁজে পেতে অনুসন্ধান চালিয়ে যেতে চান বিজ্ঞানিরা। ইউনিভার্সিটি অফ শিকাগোর গবেষক রাফায়েল লুক বলেন, মাত্র এক শতাংশ গ্রহেই এমন ঘটনা দেখা যেতে পারে বলে মনে করেন তিনি। তাই এ বিষয়ে আরও বিস্তর অনুসন্ধান প্রয়োজন।

Similar Posts

Leave a Reply